রোজদিন ডেস্ক : অভয়া আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতালেই পোস্টিং দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। এর আগে বিচারপতি বিশ্বজিৎ বসু ও একই নির্দেশ দেওয়ায় ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। আজ বিচার পতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ আগের রায় বহাল রাখায় রাজ্য সরকারের মুখ পুড়ল বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
প্রসঙ্গত, অভয়া আন্দোলন থিতিয়ে পড়ার পর অনিকেত মাহাতো-সহ বেশ কয়েকজন চিকিৎসককে বদলি করে স্বাস্থ্য দফতর। নিয়ম মেনে তা হয়নি বলে অনিকেত মাহাতো আদালতে যান। তাঁকে আর জি কর থেকে রায়গঞ্জে বদলি করা হয়েছিল।
দুর্গাপূজার আগে উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসু তাঁকে আর জি করেই পোস্টিং দেওয়ার নির্দেশ দেন। এর বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে যায়। আজ এই বেঞ্চের দুই বিচারপতি রাজ্যের আবেদন খারিজ করে দেন।
এই নির্দেশ জানার পর চিকিৎসক অনিকেত মাহাতো জানান, ২৭ মে বদলির নির্দেশ পাওয়ার পর স্বাস্থ্য সচিবকে তিনি জিজ্ঞেস করেছিলেন, ৮৭১ জনের মধ্যে শুধু দুজন কে কেন বদলি করা হল!!
উত্তর মিলেছিল, তাঁরা রাজ্য প্রশাসন। যা মনে হবে তাই করবেন।
অনিকেত মাহাতো বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে স্বজনপোষণ, দুর্নীতির বিরুদ্ধে তাঁদের আইনি লড়াই-এ আসা। স্বাস্থ্য সচিব যে অস্বচ্ছতার নির্দেশ দিয়েছিলেন, দুবার আদালতের রায়ে তা প্রমাণ হয়েছে। তাঁর আশা এবার স্বাস্থ্য দফতর স্বচ্ছতার সঙ্গে কাজ করবে।
প্রসঙ্গত, গত বছর আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশব্যাপী তোলপাড় ওঠে। এই ঘটনার বিচার চেয়ে চিকিৎসক মহল-সহ সব মানুষ বিচারের দাবিতে আন্দোলনে নামেন।এর অন্যতম মুখ ছিলেন অনিকেত মাহাতো ও। অভয়া আন্দোলন একটু থিতিয়ে আসার পর তিনি সহ বেশ কয়েকজন চিকিৎসককে বদলি করা নিয়ে সরকারের প্রতিহিংসামূলক ব্যবহারের অভিযোগ ওঠে।

Be the first to comment