রমিত সরকার, নদীয়া :
কৃষ্ণনগর পৌরসভায় আজ থেকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হয়েছে। ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য পৌরসভা চত্বরে সকাল থেকেই উপভোক্তাদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, যাঁরা ২০ আগস্টের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি এবং যাঁদের আবেদনের স্ট্যাটাসে ‘Under Process – Inquiry’ দেখাচ্ছে, তাঁরাই এই ফর্মের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট উপভোক্তাদের কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত নিজ নিজ এলাকা থেকে ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে জমা দিতে বলা হয়েছে।

ফর্ম জমা দেওয়ার সময় আবেদনকারীদের সঙ্গে আধার কার্ডের জেরক্স কপি রাখতে হবে। ফর্ম ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর পৌরসভার পক্ষ থেকে আবেদনকারীদের একটি রিসিভ কপি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আবেদনের স্ট্যাটাস বা কোনও সমস্যা হলে এই রিসিভ কপি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজে লাগতে পারে।

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া এবং ‘Under Process – Inquiry’ স্ট্যাটাস দেখানোর কারণে অনেক উপভোক্তাই সমস্যায় পড়েছিলেন। নতুন করে ফর্ম দেওয়ার খবর পেয়ে তাই আজ পৌরসভায় ভিড় জমিয়েছে তাঁদের। তবে আবেদন করার আগে নিজের যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Be the first to comment