রোজদিন ডেস্ক :
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে হওয়া আন্দোলনে যোগ দেওয়ায় অভিনেতা ইমরান খান-কে দেশ ছাড়ার নির্দেশ দিল মুম্বাই পুলিশ। গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চলা বিক্ষোভে তিনি ও যোগ দিয়েছিলেন। তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ থেকে চলে যেতে বলেছে পুলিশ৷ নামী অভিনেতা আমীর খানের ভাগ্নে ইমরান খান এই দেশের নাগরিক না। বলিউডের বেশ কিছু ছবিতেও তিনি অভিনয় করেছেন। জনপ্রিয় অভিনেতাকে এই ভাবে দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ইমরান যে ভারতীয় নাগরিক না, এই বিষয় সামনে আনেন বিজেপি নেতা কিরীট সোমাইয়া। তিনি জানান, ইমরান খান আমেরিকার নাগরিক, এই দেশের আন্দোলনে যোগ দেওয়ার তাঁর কোন অধিকার নেই। এই অভিযোগ পাওয়ার পর সক্রিয় হয় মুম্বাই পুলিশ। তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেয়।
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়ে ইমরান খান দাবি করেছিলেন, মুম্বাইয়ে বসবাসকারী নাগরিক হিসাবে তিনি এই আন্দোলনে যোগ দিয়েছেন। মানুষের চলাফেরার স্বাধীনতা, মত প্রকাশের অধিকার খর্ব করা নিয়েও প্রশ্ন ছিল তাঁর।
বিজেপি নেতা কিরীট সোমাইয়া তাঁকে বহিষ্কার করারও দাবি জানান।

Be the first to comment