রোজদিন ডেস্ক, কলকাতা:- বোলপুরে তৃণমূলের কোর কমিটির বৈঠক করলেন চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সামনে ‘বাধ্য ছাত্র’ হিসেবে বসে অনুব্রত মণ্ডল ও কাজল সেখ। শনিবার বোলপুরের দলীয় কার্যালয়ে বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। তবে এদিন দেখা গেল কার্যত উল্টো ছবি। কাজল সেখের সমস্ত সিদ্ধান্তে অনুব্রতকে তাল মেলাতে দেখা গেল এদিন। জেলার রাজনৈতিক মহলের মত, সংগঠন চালাতে শীর্ষ নেতৃত্ব যে একতার কড়া বার্তা দিয়েছেন, তা মেনেই অনুব্রত-কাজলের এই ঐক্যমত্য।
আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। সেই উপলক্ষে বীরভূম জেলা থেকে কত মানুষ যাবেন কলকাতায়, তা নিয়ে আলোচনা হয় শনিবারের বৈঠকে। কাজল সেখ এদিন বৈঠক শেষে সংবাদমাধ্যমকে জানান, আগামী ২১ জুলাই এলাকা ভিত্তিক কত লোক কলকাতায় যাবেন, তা নিয়ে নিজ নিজ অঞ্চলে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে কোর কমিটির বৈঠকে। এছাড়া সংগঠন নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। উল্লেখ্য, এদিন কোর কমিটির বৈঠকে হাজির ছিলেন ৯ সদস্যই। বৈঠক শেষে বীরভূমের সাংসদ শতাব্দী রায় সংবাদমাধ্যমকে জানান, সংগঠন বৃদ্ধিতে কী কী কাজকর্ম হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠক নিয়ে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সংবাদমাধ্যমকে জানান, ”ওঁরা রাম-লক্ষ্ণণের মতো। দু’জনকেই দরকার দলের।”

Be the first to comment