রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশের কক্সবাজারের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের নিখোঁজ হওয়া নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। গত এক মাসে ১০০-র বেশি মৎস্যজীবী ওখানকার নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি তাদের বন্দি করছে বলে অভিযোগ। যদিও বাংলাদেশ সরকার তা মানতে নারাজ।
পাহাড়-সমুদ্র অধ্যুষিত কক্সবাজারের নাফ নদীতে বরাবরই ধীবররা মাছ ধরেন। মায়ানমারের সীমানা পেরোলে তাদের ওই দেশের নিরাপত্তারক্ষীরা ধরেন৷ স্থানীয় ধীবরদের দাবি, তারা দুই দেশের সীমানা জানেন, ওদিকে যান না, পরন্তু আরাকান আর্মিরা এসে জোর করে তাদের ধরে নিয়ে যাচ্ছে বলে তাদের অভিযোগ। এই নিয়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক ধীবরের অভিযোগ, তাদের চোখের সামনেই সামরিক বাহিনীর পোশাক পরা সশস্ত্র আরাকান আর্মি জোর করে অনেককে ধরে নিয়ে যায়। পরে তাদের অনেকে ফিরেও আসেন। মূলত মাছ ধরে জীবিকা নির্বাহ করা এই ধীবররা বুঝতে পারেন না কখন আরাকান আর্মি হানা দেবে। এমনকি ওই নদীতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী থাকলেও রেহাই মেলে না বলে তাদের দাবি।
গত বছর হাসিনা সরকারের পতনের পর এমনিতেই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি টালমাটাল। আমজনতার রুজি রোজগারেও টান পড়েছে। এই পরিস্থিতিতে কক্সবাজারের ধীবরদের চিন্তা বাড়ছে। তারা চান, সরকার এই বিষয়ে ব্যবস্থা নিক।

Be the first to comment