রোজদিন ডেস্ক : দেশের সার্বিক সুরক্ষায় সেনা (army) বাহিনীকে সর্বশক্তি নিয়োগ করার ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ফোর্ট উইলিয়ামে সম্মিলিত সেনা সম্মেলনের (army convention) উদ্বোধন করেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের পর এবারই প্রথম দেশের তিন সেনা বাহিনীকে নিয়ে এই উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ফলত এর গুরুত্ব সর্বার্থেই বেশি বলে অভিজ্ঞ মহল মনে করেন। এখানে যোগ দিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন সেনা শাখার পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।কড়া নিরাপত্তার ঘেরাটোপে মোড়া এই সম্মেলনের উদবোধনী অনুষ্ঠানে প্রচার মাধ্যমের প্রবেশের অনুমতি ছিল না। সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দেড়টা অবধি প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে ছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি সোজা আকাশ পথে বিমানবন্দরে রওনা দেন। সেখান থেকে চলে যান ভোটমুখি বিহারের পূর্ণিয়ায়।

নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ, সশস্ত্র সেনাবলের ষোড়শ সম্মেলন উদবোধন করে প্রধানমন্ত্রী দেশের সুরক্ষায় তাঁদের গৌরবজনক ভূমিকার কথা বলেন।
দেশের বর্তমান পরিস্থিতিতে জলে, স্থলে, অন্তরীক্ষে সশস্ত্র সেনাবলকে আরও সতর্ক, গতিশীল, তিরতীক্ষ্ণ হওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।
পহেলগাঁও-এ অতর্কিত নৃশংস জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরের মত অভিযানের ভূয়সী প্রশংসা করেন। জনৈক সেনা আধিকারিক এর মতে, যে দক্ষতা, দ্রুততা, পরিকল্পনার সঙ্গে নিয়ন্ত্রণ রেখার ওপারে গিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিলেন দেশের সশস্ত্র সেনাবল, তা অত্যন্ত পেশাদার ও পারস্পরিক সমন্বয়ের ফসল।
প্রসঙ্গত নেপাল, বাংলাদেশ-সহ দেশের প্রতিবেশী দেশগুলির অশান্ত পরিস্থিতি নিয়ে সম্যক অবগত কেন্দ্রও। এই বিষয়ে সশস্ত্র সেনাবলকে সদাসতর্ক থাকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই সম্মেলনে এই বাহিনীর সংস্কার, রূপান্তর, চটজলদি অভিযানের প্রস্তুতিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সম্মেলনের মূল বিষয়ই ছিলন,” সংস্কারের বছর, ভবিষ্যতের রূপান্তর “। এই লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার, গভীর সমন্বয় ও আধুনিক প্রযুক্তির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে জানা গেছে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত, জোরদার, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন করা নিয়েও আলোচনা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সহ সশস্ত্র সেনাবলের তিনটি শাখার প্রধানরা এখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পর বাকি দিনগুলিতে এই সব নিয়ে আরও বিশদ আলোচনা হবে।
২০২৩ সালে মধ্যপ্রদেশের ভোপালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
অপারেশন সিঁদুর, বাংলাদেশ, নেপাল পরিস্থিতির নিরিখে এবারের এই সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment