প্রতিবেদন: বাজেটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখালো রাজ্যের বিজেপি সরকার। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সাম্মানিক ৫ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের নারী শিশুবিকাশ ও সমাজকল্যাণ দফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি নির্দেশিকা অনুসারে, আগামী ১ অগস্ট থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক ৪,৫০০ টাকা থেকে বেড়ে ৯,৫০০ টাকা হবে। কেন্দ্রীয় প্রকল্পের ৪,৫০০ টাকা যোগ করে তাঁদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে ১৪ হাজার টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রেও রাজ্যের অতিরিক্ত সাম্মানিক ৪,৫৫০ টাকা থেকে বেড়ে ৯,৫৫০ টাকা হচ্ছে। কেন্দ্রীয় অংশের ২,২৫০ টাকা মিলিয়ে তাঁদের মোট মাসিক সাম্মানিক হবে ১১ হাজার ৮০০ টাকা। এই অতিরিক্ত ব্যয়ের সম্পূর্ণ দায় রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বহন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সরকারি ও বেসরকারি, উভয় ধরনের আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা এই সুবিধা পাবেন। একই সঙ্গে আশাকর্মীদের সাম্মানিকও ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। এতদিন তাঁরা মাসে ৬,২৫০ টাকা পেতেন। এবার থেকে তাঁদের মোট মাসিক সাম্মানিক বেড়ে দাঁড়াচ্ছে ১১ হাজার ২৫০ টাকা।

Be the first to comment