রোজদিন ডেস্ক :
বিধানসভার মার্শাল দেবব্রত মুখার্জির ওপর সাসপেনসনের নির্দেশ তুলে নেওয়া হয়েছে। আজ বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশনে তিনি স্বাভাবিক ভাবে কাজে যোগ দিয়েছেন।
সূত্রের খবর, গতকাল অধ্যক্ষ রথীন্দ্র বসু তাঁকে আজ কাজে যোগ দিতে বলেন।
এর আগে বিধানসভার সচিব সৌমেন্দ্রনাথ দাস তাঁকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিলেন। বিধানসভার ইতিহাসে যা নজিরবিহীন। মার্শাল দেবব্রত মুখার্জি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বিধানসভায় কাজ করেন, আচমকা সচিব তাঁকে সাসপেন্ড করায় কর্মী মহলে গুঞ্জন ওঠে। অনেকেই ক্ষুব্ধ হন।
এমনকি অধ্যক্ষর নির্দেশ ছাড়াই তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। হয় বিভাগীয় তদন্তও।
আজ তিনি কাজে যোগ দেওয়ায় কর্মী মহলেও স্বস্তি ফিরেছে।
বেশ কিছুদিন আগে নিউ টাউনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিধায়কদের নিয়ে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন কয়েকজন বিধায়ক মার্শালের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ আনেন বলে জানা যায়। এই প্রেক্ষিতে সচিব তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দেন।

Be the first to comment