রোজদিন ডেস্ক :
পশ্চিম মেদিনীপুরের দাঁতন আজ রাজনৈতিক হিংসায় অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিজেপি র প্রার্থী অজিত কুমার জানার ওপর হামলা হয়। তাঁর বাঁ হাত ভেঙেছে বলে খবর। অভিযোগের আঙুল শাসক দলের দিকে।
সূত্রের খবর, বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। টিএমসি কর্মী সমর্থকরা কার্যত এই প্রচার মিছিলের ওপর ঝাঁপিয়ে পড়েন। উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়। হামলায় আহত হন প্রার্থী অজিত কুমার জানা। প্রচার মিছিলে আসা একের পর এক বাইকে উন্মত্ত জনতা আগুন লাগিয়ে দেয়। ১৬টি বাইকে আগুন দেওয়া হয় বলে অভিযোগ।
টি এম সি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ শানিয়েছেন তাঁরা। দাঁতনের মোহনপুরের এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা থানার সামনে বিক্ষোভ দেখান।
কেন্দ্রীয় বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেছে।
নির্বাচনের মাত্র দুদিন আগে দাঁতনের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন ও পুলিশ। খবর গেছে নির্বাচন কমিশনেও।
টিএমসি-র অভিযোগ, বাইরে থেকে বাইক বাহিনী এনে বিজেপি এলাকায় শক্তি প্রদর্শন করছিল। তবে প্রার্থী সহ বিজেপির প্রচার মিছিলে হামলায় তাদের কোন হাত নেই।
বিজেপি র প্রার্থী অজিত কুমার জানার ভাঙা হাতের প্রায় সবটাই প্লাস্টার করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় তিনি স্তম্ভিত, বিপর্যস্ত। কি ভাবে ও কারা এই সব ঘটালো পুলিশ তা খতিয়ে দেখছে।
২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনের আগে রাজ্যের একাধিক এলাকায় গোলমাল বাধে। বীরভূমের লাভপুরে এক তৃণমূল নেতার বিরুদ্ধে ভয়ঙ্কর হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে তোলপাড় উঠেছে। তাঁদের ভোট না দিলে টুকরো টুকরো করে কেটে ফেলার হুমকি দিয়েছেন তিনি।
ভাইরাল হওয়া এই ভিডিওর বক্তা টিএমসি নেতা ডালিম শেখ বলে বিজেপির অভিযোগ।
এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তি পূর্ণ করার লক্ষ্যে সব রকম ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। তবু হিংসা রোধ করা যাচ্ছে না, এই নিয়ে উদ্বিগ্ন ভোটাররাও।

Be the first to comment