রোজদিন ডেস্ক : তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলার অভিযোগ। হামলার জেরে জখম আরামবাগের সাংসদ। সোমবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ যাওয়ার পথে গোঘাটে তাঁর গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ির ভিতর থেকেই স্যোশাল মিডিয়া লাইভ করে আক্রান্ত হওয়ার কথা জানান তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির কাচ ভাঙচুর করে। তাঁর সারা দেহে কাঁচ ঢুকে গিয়েছে। দ্রুত আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মিতালিকে।
গোঘাট হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় হামলা হয়। নিজের স্যোশাল মিডিয়া পেজে লাইভ করে মিতালি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার জন্য গাড়িতে আরামবাগের উদ্দেশে রওনা হয়েছিলেন। গোঘাটে তাঁর গাড়ির উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তীব্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সাংসদ বলেন, দেখুন কী ভাবে বিজেপির দুষ্কৃতীরা গাড়িটা ভাঙচুর করেছেন। এখনও ভোট শুরু হয়নি। দেখুন এক জন মহিলার কীভাবে কণ্ঠরোধ করা হচ্ছে।
মিতালি বাগ-কে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে আহত সাংসদকে দেখতে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment