বিশিষ্ট সাংবাদিক পার্থ প্রতিম নাগ প্রয়াত

Spread the love

রোজদিন ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক, সংস্কৃতি শিল্পী পার্থ প্রতিম নাগ আজ প্রয়াত হয়েছেন।। বয়েস হয়েছিল ৬৭। তাঁর প্রয়াণে বামফ্রন্ট সভাপতি বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক গভীর শোক ব্যক্ত করেছেন।
সদাহাস্যময়, সদালাপী, পরোপকারী পার্থ প্রতিম ছাত্র জীবন থেকে বামপন্থী আন্দোলনে যুক্ত ছিলেন। বাংলা, সাংবাদিকতায় স্নাতকোত্তর করার পাশে ছিলেন আইনের স্নাতকও। সিপিএমের সর্বক্ষণের কর্মী হিসাবে যোগ দেন গণশক্তিতে। আমৃত্যু এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।
সাংবাদিকতার পাশে সুলেখক, সুগায়ক, অভিনেতা, নাট্যকার পার্থ প্রতিম বিতর্ক প্রতিযোগিতায় ও পারদর্শী ছিলেন। নানা সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই সাংবাদিক “স্পন্দন” নাট্যগোষ্ঠীতে যুক্ত থাকার সুবাদে একাধিকবার বিদেশে গেছেন। গৌতম ঘোষ পরিচালিত “মনের মানুষ” চলচ্চিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছিল।
বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। চলছিল ডায়ালিসিস। আজ তমলুকের বাড়িতে তিনি প্রয়াত হন।
তাঁর প্রয়াণের খবরে সহকর্মী মহলে গভীর শোকের ছায়া নামে। পত্রিকার সহ সম্পাদক অতনু সাহা-সহ একাধিক কর্মী তমলুকে গেছেন। তাঁর মা, স্ত্রী,বোন, দুই ভাই আছেন।
কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর সম্পাদক কিংশুক প্রামাণিক তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে জানান, ক্লাবের বিভিন্ন কর্ককান্ডে তিনি সক্রিয় অংশ নিতেন।এক সময় ছিলেন কার্যকরী সমিতির সদস্যও।
১৯৭৮ সালে নাট্যকার হিসাবে রাজ্য সরকারের পুরস্কার পেয়েছিলেন।
তাঁর প্রয়াণে সাংবাদিক, সংস্কৃতি মহলে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*