সন্দেশখালিতে পুলিশকে আক্রমণ, মুসা মোল্লা গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : সন্দেশখালিতে পুলিশের ওপর হামলায় মূল অভিযুক্ত মুসা মোল্লা এবার গ্রেফতার হলেন। সোমবার রাতে গোপন সূত্রে পুলিশ তার হদিশ পায়। ন্যাজাটের আঁকরাতলা থেকে তাঁকে ধরে পুলিশ।
উল্লেখ্য, গত সপ্তাহে অনুগামীদের ডেকে এনে পুলিশের ওপর হামলার দায়ে তাঁকে খোঁজা হচ্ছিল। তিনদিন অধরা থাকার পর পুলিশ তাঁকে ধরতে সফল হল। রবিবারই এই হামলার ঘটনায় মুসা মোল্লাকে না পেয়ে তাঁর বড় ভাই মুমতাজ ও তাঁর দুই ছেলে মন্তাজুল ও মানোয়ার হোসেন মোল্লা-কে গ্রেফতার করে পুলিশ। তার আগে মূল অভিযুক্ত মুসার এক আত্মীয়-সহ নয় জনকে ধরেছিল পুলিশ। মুসা-কে ধরার পর মোট ধৃতের সংখ্যা হল ১৩।
আজ মুসা মোল্লা-কে বসিরহাট আদালতে পেশ করা হয়। কেন তিনি দলবল নিয়ে পুলিশের ওপর হামলা করলেন, এর নেপথ্যে কে বা কাদের ইন্ধন ছিল কিনা ইত্যাদি নিয়ে জেরা করা হবে তাঁকে।
সন্দেশখালি কাণ্ডে কারাবন্দি শাহজাহানের ঘনিষ্ঠ এই মুসা মোল্লা তাঁর পোষা গুন্ডা বলে স্থানীয় সূত্রের খবর। এলাকার ত্রাস এই মুসার বাড়ি আদালতের নির্দেশে পুলিশ যায়৷ তাঁকে ধরে গাড়িতে তোলার সময়ই আক্রান্ত হয় পুলিশ।মুসা-কে ছিনিয়ে নিয়ে যায় তাঁর অনুগামীরা, পুলিশের গাড়ি ভাঙচূর হয়। হামলায় এক পুলিশ অফিসার সহ তিন পুলিশ কর্মীও আহত হন। গত কদিন ধরে পুলিশ হন্যে হয়ে তাঁকে খুঁজছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*