নোবেলজয়ী অমর্ত্য সেনকে এরা ছাড়ছে না, এসআইআরের নোটিস পাঠাচ্ছে, রামপুরহাটের সভায় সোচ্চার অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : নোবেলজয়ী অমর্ত্য সেনকে এরা ছাড়ছে না, এসআইআরের নোটিস পাঠাচ্ছে। দেশের নাম যিনি বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছেন। যাঁকে দেখে, যাঁর মাধ্যমে দেশকে লোকে চেনে, জানে, যাঁর হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অর্মত্য সেনকে এসআইআর-এর নোটিশ পাঠিয়েছে! কমিশনের এহেন অভব্যতায় যারপরনাই ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের জনসভা থেকে বিজেপি-সহ কমিশনকে একহাত নেন তিনি। কমিশনের এই গাফিলতির নিন্দা করে অভিষেক বলেন, আমি এখানে আসতে আসতে শুনছিলাম, অর্মত্য সেনকে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে। এ-ছাড়া অভিনেতা ও তিনবারের সাংসদ দেব ও ক্রিকেটার মহম্মদ শামিকে এসআইআরের নোটিশ পাঠানো নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাঁকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মহম্মদ শামি, যিনি ওয়ার্ল্ডকাপে খেলেন, দেশের জন্য বিশ্বকাপ জিতেছেন তাঁকে এসআইআরের নোটিশ পাঠিয়েছে! নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, সেই বিজেপির ছাইপাশগুলিকে বাংলা থেকে আনম্যাপ করে, চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে, এটা সেই লড়াই। এদিন, ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, এরা আপনাকে কষ্ট দিয়ে মানসিক-শারীরিক অত্যাচার করে হিয়ারিংয়ে ডেকে পাঠাচ্ছে। বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে তো? আপনারা এই অপমানের জবাব দেবেন তো?
অভিষেক আরও বলেন, যাঁরা এসআইআরের নোটিস পাচ্ছেন, কোনও সমস্যা হলে আমাদের ক্যাম্প, কর্মীরা রয়েছে, যোগাযোগ করবেন। আমরা ব্যবস্থা করব, যাতে কারও নাম কাটা না যায়। আমি দিল্লি গিয়ে প্রশ্ন করেছিলাম, সদুত্তর দিতে পারেনি। কারও নাম বাদ গেলে ফর্ম ৬ পূরণ করে নাম তুলতে পারবেন। এসআইআরের আতঙ্কে ৬০-৬২ জন মারা গিয়েছেন। দয়া করে কেউ চিন্তা করবেন না। আগে জানলে এদের বাঁচাতে পারতাম। সুনালীর বাবা-মার নাম রয়েছে ভোটার তালিকায়। তাও তাঁর নাম বাদ গিয়েছে। কারও নাম বাদ যাবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*