রোজদিন ডেস্ক : রবিবার বেশি রাতের দিকে উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ঘটনায় ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার উপর হামলার অভিযোগ। তৃণমূলের অভিযোগের তির আইএসএফের দিকেই। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হলেও সুস্থ আছেন শওকত মোল্লা। তাঁকে খুন করার জন্যই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলেই দাবি শওকতের। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে আইএসএফ। কয়েকদিন আগে ভাঙড়ে প্রচারে এসে শওকতকে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এই হামলায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে ভাঙড়ে। দলীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ভাঙড়ের চালতাবেড়িয়ায় প্রচার সেরে ফিরছিলেন শওকত। ফেরার পথে শওকতের উপর হামলা চালায় দূষ্কৃতীরা। অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রতিবাদে রাতেই পথ অবরোধ করে তৃণমূল। শওকতের অভিযোগ, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে আইএসএফ। এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা। আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছি। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আইএসএফ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। তৃণমূলের পক্ষ থেকেই এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাদের অভিযোগ, ভোটের আগে সহানুভূতি আদায়ের জন্য এ ধরনের অভিযোগ করা হচ্ছে।

Be the first to comment