রোজদিন ডেস্ক, কলকাতা:-আয়ারল্যান্ডের পরে এ বার অস্ট্রেলিয়া। ভারতীয় বংশোদ্ভূত যুবককে মারধর করে হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল পাঁচ কিশোরের বিরুদ্ধে। সৌরভ আনন্দ নামে গুরুতর জখম ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অস্ট্রেলিয়ার এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ১৯ জুলাই সন্ধেবেলা আলটোনা মেডোজের সেন্ট্রাল স্কোয়্যারের একটি শপিং সেন্টার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন সৌরভ। আচমকাই তাঁকে ঘিরে ধরে ৫ কিশোর। প্রথমে তাঁর টাকাপয়সা লুট করে। তার পরে শুরু হয় এলোপাথাড়ি মার।
এরপরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সৌরভ। তখনই আচমকা একজন বড় ছুরি বের করে সৌরভের গলায় ঠেকায়। হাসপাতালের বেডে শুয়ে সৌরভ বলেন, ‘আমি হাত তুলে আড়াল করার চেষ্টা করেছিলাম। ছুরি সোজা হাতে এসে লাগে। পরপর তিনবার হাতেই কোপ মারে।’ তবে ডাক্তার তাঁর হাত জুড়ে দিয়েছে বলে জানা গেছে।

Be the first to comment