বাড়িতে আটকে রেখে তরুণীকে লাগাতার যৌন হেনস্তা! গ্রেপ্তার বাংলাদেশি গায়ক নোবেল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- ফের স্পটলাইট এ বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। এক তরুণীকে অপহরণ ও যৌন হেনস্তার অভিযোগে নোবেলকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের ডেমরা থানার পুলিশ।
এক মহিলাকে টানা সাত মাস নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের আঙুল উঠলো তাঁর দিকে। সোমবার বাংলাদেশের এমার্জেন্সি হেল্প নম্বরে ফোন পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার গভীর রাত ২টা নাগাদ ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে নোবেলকে। ডেমরা থানার এক পুলিশ আধিকারিক জানান, সোমবার সে দেশের এমার্জেন্সি হেল্পলাইন নম্বর ৯৯৯-এ একটি ফোন আসে। তারপরই ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাড়িতে গিয়ে এক তরুণীকে উদ্ধার করা হয়। পরে ওই তরুণী রাতেই থানায় মামলা দায়ের করেন। এরপর রাত ২টা নাগাদ অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত নভেম্বরে এক কলেজ ছাত্রী ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখান নোবেল। তাঁকে দেখা করার জন্যও ডেকেও পাঠান। অভিযোগ, এরপরই টানা সাত মাস ডেমরার একটি বাড়িতে আটকে তরুণীর উপর নির্যাতন চালান নোবেল। এমনকি কিছু ভিডিও রেকর্ড করে লাগাতার ওই তরুনীকে ‘ব্ল্যাকমেল’ করছিলেন বলেও অভিযোগ। ধরা পড়ার ভয়ে সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন নোবেল। কিন্তু পালানোর আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গায়কের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। পাশাপাশি ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করার অভিযোগে নোবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনেও মামলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*