সাইবার অপরাধে দ্রুত এফআইআর, নতুন ই-জিরো ব্যবস্থা চালু করল কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সোমবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)-এর অধীনে ‘ই-জিরো এফআইআর’ (e-Zero FIR) নামক একটি নতুন উদ্যোগের সূচনা করেছেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সোমবার এক টুইট বার্তায় বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) অভূতপূর্ব দ্রুততার সাথে অপরাধীদের ধরতে নতুন ই-জিরো এফআইআর উদ্যোগ চালু করেছে। দিল্লিতে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই নতুন ব্যবস্থা প্রাথমিকভাবে ১০ লক্ষ টাকার বেশি সাইবার আর্থিক অপরাধের ক্ষেত্রে NCRP বা ১৯৩০ হেল্পলাইনে দায়ের করা অভিযোগগুলিকে স্বয়ংক্রিয়ভাবে এফআইআরে রূপান্তরিত করবে। এই নতুন ব্যবস্থা দ্রুত তদন্ত শুরু করে সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে এবং শীঘ্রই এটি সারা দেশে সম্প্রসারিত করা হবে।”
নতুন এই ব্যবস্থার অধীনে, ন্যাশনাল সাইবারক্রাইম রিপোর্টিং পোর্টাল (NCRP) বা সাইবারক্রাইম হেল্পলাইন ১৯৩০-এর মাধ্যমে রিপোর্ট করা যেকোনো সাইবার আর্থিক অপরাধ, যা ১০ লক্ষ টাকার বেশি হবে, তা থানায় না গিয়েও স্বয়ংক্রিয়ভাবে এফআইআরে রূপান্তরিত হবে। এই স্বয়ংক্রিয় প্রক্রিয়াটির লক্ষ্য হল দ্রুত আইনি পদক্ষেপ শুরু করা, যার ফলে প্রতারণামূলক লেনদেন বন্ধ করা এবং অপরাধীদের রিয়েল টাইমে ধরার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*