Bankura : সিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক :

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। এই “অপরাধে ” (?) বিজেপি সমর্থকরা বাঁকুড়ার ইন্দাসে শেখ আবদুল হাফিজের বাড়ি হামলা চালায় বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দুরবস্থা নিয়েও সরব হন তাঁরা। এর জন্য বিজেপি সমর্থকরা তাঁদের বাড়ি চড়াও হয়ে তাঁর বাবা ও তাঁকে মারধর করে। এতে হাফিজের বাবা শেখ মহম্মদ মাফিক(৫১) গুরুতর আহত হয়ে হাসপাতালে শেষ নিশ্বাস ফেলেন বলে পরিবারের অভিযোগ। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বলেন, যে পাঁচজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাঁদের মধ্যে তিনজনই গ্রেফতার হয়েছেন। এখানে বিজেপির কোন ব্যাপার নেই জানিয়ে মুখ্যমন্ত্রী নলেন, এরা সবাই দুষ্কৃতি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ বিকেলে বাঁকুড়ার অতিরিক্ত এসপি কৃশানু রায় বলেন, এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। নিহতর পরিবারের আরও অভিযোগ, হাফিজ যে স্কুলের দুরবস্থা নিয়ে সরব হয়েছিলেন, সেখানকার প্রধান শিক্ষকই বিজেপি কর্মীদের প্ররোচিত করেন।

আজ দুপুরে হাফিজের মা হাসিনা বেগম পাঁচ জন সহ ১০/১৫ জন হামলাকারীর বিরুদ্ধে পুলিশে নালিশ জানান। পুলিশ আটজনকে গ্রেফতার করলেও অভিযুক্তদের সবাইকে গ্রেফতারের জন্য তাঁরা দাবি করেন।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*