রোজদিন ডেস্ক : মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বরানগরে গুলি-কাণ্ডের কিনারা করে ফেলল পুলিশ। গ্রেফতার হল গুলিতে জখম বিকাশ মজুমদারের স্ত্রী ও তার প্রেমিক-সহ চারজন। ঘটনার মূলে বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্বই উঠে আসছে। পুলিশের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বিকাশের স্ত্রী রেখা। তিনিই তার প্রেমিক পারদীপ মিলে তাদের পথের কাঁটা রেখার স্বামী বিকাশকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। তার জন্য ভাড়া করা হয় দুই দুষ্কৃতীকে। তারাই সেদিন বাইকে চড়ে এসে গুলি চালায়। কিন্তু কপাল জোরে প্রাণে বেঁচে যান বিকাশ মজুমদার। পুলিশ তদন্ত নেমে চারজনকেই গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল বিকাশের স্ত্রী রেখা মজুমদার, রেখার প্রেমিক পারদীপ দে, দুই দূষ্কৃতী বাইকচালক সুশান্ত আদক ও আততায়ী শামিম লস্কর। জানা গিয়েছে, মেটিয়াব্রুজ থানার ফতেপুর থেকে পারদীপ ও বাকিদের গ্রেফতার করা হয়। বিকাশ ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে স্ত্রী-সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।
গত ২১ নভেম্বর, শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ বরানগর পুরসভার নর্দান পার্ক এলাকার বাসিন্দা বিকাশ মজুমদারকে লক্ষ্য করে গুলি চালায় এক বাইকআরোহী। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান বিকাশ। গুলি চালিয়ে বাইকে চড়ে আততায়ীরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে পালিয়ে যায়। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করে পুলিশ। এরপর মেটিয়াব্রুজের ফতেহপুর থেকে তাদের গ্রেফতার করল পুলিশ।

Be the first to comment