রোজদিন ডেস্ক :
উত্তর ২৪ পরগণার নীলগঞ্জের কাছে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় বারাসত আদালতের আইনজীবী উত্তম দস্তিদার (৪৯) মর্মান্তিক ভাবে প্রাণ হারান। অটো করে আরও দুজনের সঙ্গে আদালতে যাচ্ছিলেন। ব্যারাকপুর বারাসত রোড ধরে যাওয়ার সময় নীলগঞ্জের কাছে আচমকাই অটোটি লোহার রড বোঝাই একটি ভ্যানে ধাক্কা মেরে রাস্তার ধারে একটি গাছে লেগে থেমে যায়। ওই সময় একটি লোহার রড অটোর ভিতর ঢুকে উত্তম দস্তিদারের বুকে বিঁধে এফোঁড় ওফোঁড় হয়ে যায়৷ দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ফেলেন। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় তাঁর দুই সহযাত্রী সিনিয়র আইনজীবী শ্যামাপদ সেন ও অপরজন বাকরুদ্ধ। চোখের সামনে এমন ভয়ঙ্কর মৃত্যু তাঁরা কেউ কল্পনাও করেন নি।
আইনজীবী উত্তম দস্তিদারের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বারাসত আদালতের আইনজীবী মহলে গভীর শোকের ছায়া নেমেছে।
সূত্রের খবর, অন্যদিন গাড়িতে যাতায়াত করতেন তিনি। আজই অটোয় চড়ে অন্য দুজনের সঙ্গে আদালতে যাচ্ছিলেন।
কিভাবে এই দুর্ঘটনা হল পুলিশ তা খতিয়ে দেখছে। শ্যামাপদ সেন সহ দুজন চিকিৎসাধীন।

Be the first to comment