প্রতিবেদন: কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন টলি তারকা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তার একটি অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীর দায়ের করা এফআইআরের উপর বুধবার স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। বনগাঁর তনয় শাস্ত্রীর দায়ের করা এফআইআর খারিজ ও সুরক্ষা চেয়ে আদালতে মামলা দায়ের করেন মিমি। প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি বনগাঁ পুরসভার নয়া গোপালগঞ্জ যুবক সংঘের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে পারফর্ম করতে গিয়েছিলেন অভিনেত্রী মিমি। রাত পৌনে ১২ টা নাগাদ তিনি মঞ্চে ওঠেন। কিন্তু অভিযোগ, মিমির গানের মাঝেই অন্যতম ক্লাবকর্তা তনয় শাস্ত্রী হঠাৎ স্টেজে উঠে পড়েন। গান থামিয়ে মিমিকে মঞ্চ থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। জনসমক্ষে এমন আচরণের জেরে চূড়ান্ত অপমানিত বোধ করেন মিমি। ঘটনার পরই বনগাঁ থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। মিমির করা লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তনয়। পরে জামিনে মুক্তি পেয়ে বিজেপিতে যোগ দেন তিনি। শুধু তাই নয়, জেল থেকে বেরিয়ে তনয় শাস্ত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ২০ লক্ষ টাকার মানহানির মামলাও দায়ের করেন।

Be the first to comment