গৌরাঙ্গ সেতুর কাছে মর্মান্তিক দুর্ঘটনা, বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণীর

Spread the love

নিজস্ব প্রতিবেদক, নবদ্বীপ:

নদীয়ার নবদ্বীপে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী। মঙ্গলবার সকালে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সংলগ্ন এলাকায় বালি বোঝাই একটি লরির ধাক্কায় মৃত্যু হয় মধুমিতা হালদার নামে এক তরুণীর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক অনিকেত রায়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মোটরসাইকেলে চেপে গৌরাঙ্গ সেতুর দিক দিয়ে যাওয়ার সময় আচমকাই বালি বোঝাই একটি লরির সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের জেরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান আরোহীরা। সেই সময় লরির চাকায় পিষ্ট হন মধুমিতা হালদার। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপরদিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় মোটরসাইকেল চালক অনিকেত রায়কে। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর লরিটি দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। নবদ্বীপ থানার পুলিশ তৎপরতা দেখিয়ে ধাওয়া করে ঘাতক লরিটিকে আটক করে। লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গৌরাঙ্গ সেতু সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরেই যানবাহনের বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব রয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এদিনের মর্মান্তিক ঘটনার পর ফের সেই প্রশ্নই সামনে উঠে এসেছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*