রোজদিন ডেস্ক : প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। গতকাল মঙ্গলবার সকালে প্রয়াত হন তিনি। তবে তাঁর মৃত্যু খবর আসে অনেক দেরীতে সন্ধ্যার পর। অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল।
আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”
বহুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। সেই সঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যাও। পরিবার সূত্রের খবর গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টেলিপাড়ায়।
তাঁকে শেষ দেখা গিয়েছিল ধারাবাহিক ‘গীতা এলএলবি’-তে। ‘ঠগিনী’, ‘আমি সে ও সখা’ ছবিতে তাঁর কাজ উল্লেখযোগ্য। ভাস্বর চট্টোপাধ্যায় বার বার অভিনেত্রীর অসুস্থতার কথা তুলে ধরেছিলেন প্রকাশ্যে। বাসন্তী চট্টোপাধ্যায়কে আর্থিক ভাবে সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদনও করেছিলেন তিনি।

Be the first to comment