রোজদিন ডেস্ক, কলকাতা:- কালীগঞ্জে উপ-নির্বাচনের ফলাফলের দিন বোমার আঘাতে নিহত হয়েছে তামান্না। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। এই নিয়ে নদীয়ায় প্রতিবাদ সভা ছিল বামেদের৷ সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে একাধিক উক্তি করেন বাম যুবনেত্রী তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়।
সেই সভায় তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে আক্রমণ করে মীনাক্ষীকে বলতে শোনা যায়, ‘সারদাতে চুরি করেছে। নির্লজ্জ, বেহায়া। একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই **** বাচ্চাকে বসিয়ে রেখেছে। আর তার কথা শুনব?’
এ প্রসঙ্গে তৃণমূল মুখাপত্র কুনাল ঘোষ বলেন, ‘আমায় অনেকে প্রশ্ন করেছেন, ও (মীনাক্ষী) ওই খারাপ কথাটা বললেও আমি কেন নিজের মেজাজে পাল্টা কড়া ডোজ দিচ্ছি না। এর কারণ ও আমার থেকে বয়সে অনেক ছোট এবং ও একটি মেয়ে। ফলে আমি যা-ই বলব, সেটা হবে রাজনৈতিক, অথবা ঘুরিয়ে-ফিরিয়ে রসিকতা-সহ। আমি যথেষ্ট গালমন্দ জানি এবং ক্ষেত্রবিশেষে প্রয়োগ করি।’ তিনি আরোও বলেন, ‘বয়সে ছোট কোনও মেয়েকে এই ধরনের শব্দের পালটা ফিরিয়ে দেওয়াটা আমার রুচিতে বাধছে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘নিজে হারে, নিজের পাড়া, এলাকাতেও নিজের পার্টিকে জেতাতে পারে না, অথচ বায়বীয় ঔদ্ধত্যে ফুটছে, ঈশ্বর এদের সুমতি দিন।’

Be the first to comment