রোজদিন ডেস্ক : বাংলায় হবে না ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। একজনেরও নাম বাদ পড়লে লক্ষ বাঙালি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও, এমনটাই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকের তিনি বলেন, “যাঁরা ‘হ্যাঁ স্যার’ বলে নির্বাচন কমিশনকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদের সতর্ক করছি। যদি ভোটার তালিকা থেকে কোনও বাঙালির নাম বাদ যায়, এক লক্ষ বাঙালি নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করব।”
এদিন অভিষেক বলেন, “আমরা একশো দিনের বরাদ্দ বন্ধ রাখা নিয়ে আন্দোলন করেছি। হাই কোর্ট ফান্ড রিলিজের নির্দেশ দিলেও কেন্দ্র তা দেয়নি। এটা আদালত অবমাননা।” অভিষেক আরও জানিয়েছেন, এসআইআর প্রশ্নে এক বন্ধনীতে আসতে রাজি ইন্ডিয়া জোটের বাকি দলগুলি। আগামী ১১ আগস্ট সোমবার বিরোধী সাংসদরা দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাও কর্মসূচিতে যোগ দেবেন।
বিহারে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করেছে জাতীয় নির্বাচন কমিশন। পরবর্তীকালে বাংলাতেও এই বিশেষ প্রক্রিয়া চালানো হবে বলে জল্পনা। এই আবহে বাঙালি অস্মিতা ও এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লোকসভার দলনেতার দায়িত্ব পাওয়ার পর অভিষেক স্পিকারের সঙ্গে দেখা করেছেন। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার ও বাঙালির অস্মিতার উপর আঘাতের বিষয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন তিনি। কিন্তু সেই দাবি মানা হয়নি বলেই খবর। যা নিয়ে আগামিদিনে সংসদ উত্তাল হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Be the first to comment