রোজদিন ডেস্ক : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ভোটের আগে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি বলেন, “তাঁর কান্না লোকদেখানো, আসলে তিনি বাঙালিদেরই বঞ্চিত করেছেন।”
এদিন তিনি বলেন, “২১-এ ভোটে অস্ত্র ছিল এনআরসি। এখন সেই জায়গায় বসানো হচ্ছে বাঙালিয়ানাকে। কিন্তু এই বাঙালিদের মধ্যেই ২৬ হাজার যোগ্য চাকরিপ্রার্থী এখনও বেকার, সরকারি কর্মীরা ডিএ পাননি, অভয়ার পরিবার এখনও বিচার পায়নি। এই অন্যায়ের দায় কার? তৃণমূল সরকারের।”
এদিন অধীর বলেন, “২১-এর ভোটে পায়ে চোট নিয়ে প্রচারে বেরিয়েছিলেন দিদি। পা ভাঙাটা ছিল ভোট অবধি। এবার বাঙালির জন্য কান্নাও চলবে ২৬-এর ভোট পর্যন্ত। মানুষ সব বোঝে।” তাঁর কথায় “অমিত শাহ কলকাতায় এসেও অভয়ার পরিবারের সঙ্গে দেখা করেননি। ওরা দিল্লিতেও গিয়েছিল, সেখানেও দেখা করেননি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আর শাহের ব্যবহারে কোনও পার্থক্য দেখছি না।”
এদিন তিনি বলেন, “রাজ্যের বহু মানুষ ভিন রাজ্যে কাজ করেন। তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর উচিত রাজ্য সরকার থেকে একটি পরিচয়পত্র চালু করা। অথচ দিদি ভিন রাজ্য থেকে অবাঙালিদের এনে সাংসদ বানাচ্ছেন।” রাহুল গান্ধীর সমর্থনে অধীর বলেন, “মানুষ এখন বিশ্বাস করছে, মোদীর হাত থেকে দেশকে বাঁচাতে পারেন একমাত্র রাহুল গান্ধী। মুসলিম সমাজও আর দিদির উপর ভরসা রাখতে পারছে না। তাই তৃণমূল এখন কংগ্রেসের কাছাকাছি দেখানোর অভিনয় করছে।”

Be the first to comment