রোজদিন ডেস্ক, কলকাতা:- আবারও ‘বাংলাদেশী’ সন্দেহে হেনস্থা! হুগলীর চুঁচুড়া-২ ব্লকের রবীন্দ্রনগরের বাসিন্দা দেবাশিস দাসকে আটক করে হেনস্তা করা হল ওড়িশায়।
পরিবার সূত্রের খবর, হুগলির চুঁচুড়া-২ ব্লকের রবীন্দ্রনগরের বাসিন্দা দেবাশিস দাস কাজের সূত্রে গিয়েছিলেন ওড়িশায়। কিন্তু সেখানেই তাঁকে বাংলাদেশী সন্দেহে আটক করে স্থানীয় পুলিশ। পরিবারের দাবি, সমস্ত বৈধ নথি দেখানোর পরেও পুলিশ তাঁকে এবং তাঁর সহকর্মীদের ছাড়েনি।
পরিবার সূত্রে জানা যায়, ১৪ জুন একটি বেসরকারি সংস্থার হয়ে ফায়ার সিস্টেমের কাজ করতে ঝারসুগদা জেলায় গিয়েছিলেন দেবাশিস। সঙ্গে ছিলেন আরও কয়েকজন সহকর্মী। সেখানেই কাজ চলাকালীন হঠাৎ পুলিশ তাঁদের ধরে নিয়ে যায়। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, এমনকি পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট—সব দেখানো সত্ত্বেও আটক রাখা হয় বলে অভিযোগ।
এই নিয়ে দেবাশিস জানান, তাঁদের মোবাইল কেড়ে নেওয়া হয়। পরিবারের সঙ্গে বা ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার অনুমতিও দেওয়া হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার তিনি বাড়ি ফেরেন। কিন্তু ততদিনে মনের ভিতরে জমে উঠেছে আতঙ্ক, ক্ষোভ আর অপমানের গ্লানি।
তিনি বলেন, ‘‘এখনও বিশ্বাস হচ্ছে না! দেশের ১৪টি রাজ্যে কাজ করেছি। কোথাও এমন ব্যবহার পাইনি। শুধুমাত্র বাংলা বলি বলে আমাদের বাংলাদেশি ভেবে হেনস্থা করা হয়েছে। এবার থেকে সত্যিই আর বাইরে কাজে যেতে সাহস পাচ্ছি না।’’

Be the first to comment