রোজদিন ডেস্ক, কলকাতা :- বাঙালি মানেই ভোজনরসিক। দু-এক ফোঁটা বৃষ্টি হলেই মন চায় একটু চপ-সিঙাড়া। আর সঙ্গে জিলিপি পেয়ে গেলে আর কীই বা চাই! কিন্তু এবার সেই সিঙাড়া-জিলিপি নিয়ে ‘সতর্কীকরণ’ দিয়েছে কেন্দ্র। যা মানতে রাজি নয় বাংলা।

এ বিষয়ে এক টুইটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে এখন থেকে নাকি সিঙ্গাড়া/জিলিপি খাওয়া যাবে না। এটা পশ্চিমবঙ্গ সরকারের কোনো বিজ্ঞপ্তি নয়। আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করি না। আমরা এই বিজ্ঞপ্তি কার্যকরও করব না। আমার মনে হয়, সিঙ্গাড়া এবং জিলিপি অন্যান্য রাজ্যেও জনপ্রিয়। সেইসব রাজ্যের মানুষরাও এই খাবারগুলি ভালোবাসেন। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা সঠিক কাজ নয়।

মঙ্গলবার তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ বিষয়ে সাফ জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এধরনের কোনও ফতোয়া মানা হবে না।” তাঁর কথায়, “গুণমান ঠিক থাকলে কে কী খাবে, তাতে বাংলায় হস্তক্ষেপ করা হবে না।”
তিনি আরোও বলেন, “সিঙাড়া-জিলিপির উপর কুনজর পড়েছে কেন্দ্রের। নানারকম ফতোয়া দেওয়া হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এধরনের কোনও ফতোয়া মানা হবে না। কারণ, সিঙাড়া-জিলিপি যারা খান তাঁদের এটি খাবার পূর্ণ স্বাধীনতা রয়েছে।”

Be the first to comment