রোজদিন ডেস্ক : আজ বৃহস্পতিবার বিজয়া দশমী। এদিন দুপুর থেকেই শুরু হয়ে যাবে বিসর্জনের পালা। বিসর্জনের আগে শহরের গঙ্গার ঘাটগুলিতে নেওয়া হয়েছে একাধিক প্রস্তুতি। সেই সঙ্গে একাধিক সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছে পুরসভা ও প্রশাসন। বিসর্জনের আগে বুধবার দুপুরে ঘাটগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। নবমীর বিকেল থেকেই শোভাবাজার, আহিরীটোলা, নিমতলা, বাবুঘাট, বাগবাজার ও বাজা কদমতলা ঘাটে শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন পুর-কমিশনার ধবল জৈন, বিভাগীয় আধিকারিক, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। সাগরে গভীর নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই প্রবল দুর্যোগের মধ্যে গঙ্গাবক্ষে কীভাবে নিরঞ্জন পর্ব চলবে তাও খতিয়ে দেখেন মেয়র। দূষণ রোধে দ্রুত প্রতিমার কাঠামো জল থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র।
আবার দুর্যোগের মোকাবিলা নিয়ে কলকাতা পুরসভায় বিভাগীয় আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকেও বসেন মহানাগরিক। বৈঠকের শেষে তিনি বলেন, একটা নিম্নচাপ রয়েছে। যদিও সেটা অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকে চলে যাচ্ছে। তবে কলকাতায় একটা বড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। একসপ্তাহ আগে যে ভারী বৃষ্টি হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। যেমন পাম্প মোতায়েন, পাম্পিং স্টেশনগুলিকে সক্রিয় রাখা। মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ-ব্যাপারে কথা হয়েছে। কোনও এলাকায় জল বেরতে সমস্যা হলে, সাকশান পাম্প ব্যবহার করা হবে। শহরে যেসব বাড়িতে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, বৃষ্টিতে সেসবও বন্ধ রাখার পরামর্শ মেয়র। সবমিলিয়ে দূর্ঘটনাহীন বিসর্জন পর্ব শেষ করতে সতর্ক প্রশাসন।

Be the first to comment