রোজদিন ডেস্ক: বিজেপি এবং ভালো তৃণমূল নেতাদের ‘মাখামাখি’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দলেরই নেতাদের উদ্দেশ্যে তোপ দেগেছিলেন। এবার সেই অপরাধে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ককেই শো-কজের নোটিস ধরালো দল। চিঠিতে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কড়া ভাষায় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে জানিয়ে দিয়েছেন, তাঁর মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সাতদিনের মধ্যে তাঁকে এই কাজের জবাবদিহি করতে হবে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দিন কয়েক আগে ফেসবুক লাইভে এসে সত্যেন্দ্রনাথ রায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্রের মধ্যে ‘মাখামাখি’ নিয়ে কটাক্ষ করে তাদের ‘মাসতুতো ভাই’ বলেন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বিজেপি বিধায়কের ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায় বিজেপির অন্দরে। এছাড়া দলের স্থানীয় কয়েকজন নেতা তথা মন্ত্রীর সঙ্গে ‘ভালো তৃণমূল’-এর কয়েকজন নেতার ‘মাখো মাখো’ সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিধায়কের অভিযোগ, ‘ভাল তৃণমূলের নেতারা’ বিজেপিতে ঢুকে ক্ষতির করার চেষ্টা করছে। এই প্রসঙ্গেই তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সম্পর্কেও কিছু কড়া কথা বলেন। এই পরিপ্রেক্ষিতেই বুধবার দলের তরফে শো কজের চিঠি পেলেন সত্যেন্দ্রনাথ রায়।

Be the first to comment