রোজদিন ডেস্ক : জলবন্দি কলকাতা নিয়ে বিজেপি বনাম টিএমসি-র তরজা এখন তুঙ্গে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এর জন্য মহালয়ার আগে মুখ্যমন্ত্রীর পুজো উদবোধন কে দূষেছেন। এর বিরুদ্ধে খোদ প্রধানমন্ত্রীর নাম করে তেড়েফূঁড়ে প্রতিবাদে মুখর হয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ একাধিক নেতা। রামনবমীর তিন মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাড়ম্বরে রাম মন্দির উদ্বোধন-এর প্রসঙ্গ টেনেছেন তাঁরা। প্রশ্ন তুলেছেন৷ বিজেপি শাসিত একাধিক রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের মূলেও কি এই সময়ের আগে রামমন্দির উদবোধন?? তা যদি না হয়, তবে এঝানে মহালয়া র আগে পুজো উদবোধনের জন্য মুখ্যমন্ত্রী কে দোষ দেওয়া হচ্ছে কেন?
দলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য গেরুয়া শিবির কে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, বিজেপি শাসিত রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ হলে তারা প্রার্থনা করে, আর এই রাজ্যে এমন দুর্যোগে তারা নিন্দা, দোষারোপের ঝাঁপি খুলে বসে।
টিএমসি-র শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি এই নিয়ে পালটা তোপ দাগেন প্রধানমন্ত্রী ও তাঁর দলকে। আজ স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য কুণাল ঘোষ, দুই সাংসদ ঋতব্রত ব্যানার্জি ও সাগরিকা ঘোষ একইভাবে গেরুয়া শিবির কে তুলোধুনো করেন।
তাঁরা বলেন, কয়েক ঘণ্টার এই রেকর্ড বৃষ্টি নজিরবিহীন, অকল্পনীয়, অবর্ণনীয়। এই ভয়ংকর দুর্যোগের সময় দুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে বিজেপি শুধু রাজনীতি করতেই ব্যস্ত। ওই দল মৃতদেহ নিয়ে রাজনীতি করে বলে তাঁরা তীব্র সমালোচনা করেন।
গেরুয়া শিবির ও অবশ্য পিছু না হঠে জলবন্দি কলকাতার পরিস্থিতি নিয়ে মুঝ্যমন্ত্রীকে ফের নিশানা করেছেন। অন্যতম নেতা অমিত মালব্যর অভিযোগ, নিজেদের গাফিলতি, অকর্মণ্যতার দায় এড়াতে মুঝ্যমন্ত্রী কেন্দ্র, বেসরকারি বিদ্যুৎ সংস্থার ওপর দোষ চাপাচ্ছেন।
উভয় পক্ষের এই তরজা সহজে থামবে না বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment