রোজদিন ডেস্ক : কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। তার মধ্যে গত কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা। তবু চালিয়ে যাচ্ছিলেন এসআইআরের হরেক কাজ। কিন্তু শেষরক্ষা হল না। অসুস্থ শরীরে আর নিতে পারেননি চাপ। ফলে বুধবার ভোররাতে মৃত্যু হল মালদহের বিএলও সম্পৃতা চৌধুরী সান্যালের। পরিবারের দাবি, এসআইআরের চাপের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়েই মৃতার বাড়িতে ছুটে যান স্থানীয় কাউন্সিলর-সহ অনেকেই। এই মৃত্যু নিয়ে তৃণমূল ও বিজেপির চাপানউতর শুরু হয়েছে। মালদহের ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার বাসিন্দা সম্পৃতা চৌধুরী সান্যাল। পেশায় আইসিডিএস কর্মী। তিনি ইংরেজবাজার পুরসভার ১৫ নং ওয়ার্ডের ১৬৩ নং বুথের বিএলও’র দায়িত্বে ছিলেন। মৃতার স্বামী বলছেল, প্রচণ্ড কাজের চাপ ছিল। তার মধ্যে তীব্র ঠান্ডা। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিল সম্পৃতা। ডাক্তার দেখানো হয়েছিল। তিনি বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু এসআইআর-এর কাজের চাপ ছিল খুব বেশি। ফলে অসুস্থতা সত্ত্বেও কাজ করে যাচ্ছিলেন। তাতেই সমস্যা আরও বাড়ে। আজ ভোরে সম্পৃতার মৃত্যু হয়। খবর পেয়েই মৃতার বাড়ি যান ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তাঁর অভিযোগ, কমিশনের চাপের ফলেই বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন। পরিণতি ভয়ংকর হচ্ছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। এর আগেও এই রাজ্যে একাধিক বিএলওর মৃত্যু হয়েছে। সেখানেও এসআইআরের কাজের চাপের অভিযোগ উঠেছিল।

Be the first to comment