রোজদিন ডেস্ক : কালীগঞ্জের বড়চাঁদঘরের মোলান্ডি এলাকায় এক নাবালিকার মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা। সোমবার কালীগঞ্জে উপনির্বাচনের ভোটগণনা ছিল। বিপুল ভোটে জয়ী হন তৃণমূলের প্রার্থী। বিরোধীদের অভিযোগ, উপনির্বাচনে জয়ের পরে বিজয় মিছিল থেকে তৃণমূল সমর্থকদের ছোড়া বোমার আঘাতেই মৃত্যু হয়েছে ওই নাবালিকার। সে চতুর্থ শ্রেণিতে পড়ে। মৃতের নাম তামান্না খাতুন (১০)।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডল পোস্টে তিনি লিখেছেন, কৃষ্ণনগর পুলিশ জেলার বড়চাঁদঘরে বিস্ফোরণে এক কিশোরীর মৃত্যুতে আমি মর্মাহত এবং গভীর ভাবে শোকাহত। এই শোকের সময়ে তাঁর পরিবারের পাশে রয়েছি। পুলিশ দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ করবে।
পশ্চিমবঙ্গ পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে এই ঘটনায় প্রেক্ষিতে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, কালীগঞ্জ থানা এলাকায় বিস্ফোরণে জখম হয়ে ১৩ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, তাদের গ্রেফতার করা হবে। নাবালিকার পরিবারের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে পুলিশের তরফে।
অন্যদিকে, এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

Be the first to comment