রোজদিন ডেস্ক : সোমবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন ছিল। ভোটগণনার দিনেই স্থানীয় একটি বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ ওঠে। কালীগঞ্জ থানা এলাকার বড়চাঁদঘরের মোলান্দির বাসিন্দা সাবিনা নিজের মেয়েকে নিয়ে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যাচ্ছিলেন। সেই সময়েই বোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় তামান্না খাতুনের।
মেয়েকে আজ স্কুলেও যেতে দিইনি। যদি গন্ডগোল হয়। ওকে নিয়ে স্নান করতে যাচ্ছিলাম…সেই সময়েই আমার মেয়েটাকে মেরে দিল।’ ১০ বছরের মেয়েকে হারিয়ে আর্তনাদ মা সাবিনা বিবির। গোটা বাড়ি জুড়ে কান্নার রোল। ওইটুকু মেয়ে কী দোষ করেছিল? প্রশ্ন সকলের।
সাবিনা বলেন, ‘আমি ভেবেছিলাম, ওদের পার্টি জিতেছে বলে হয়তো পটকা ফাটাচ্ছে। জানতাম না তখন শয়তানগুলো ওখানে এসেছে। আমার মেয়েকে মেরে দিল।’ নাবালিকার মা কয়েকজনের নামও উল্লেখ করেন। সকলেই স্থানীয় বাসিন্দা বলে খবর। অভিযুক্তরা তৃণমূল দলের সঙ্গে যুক্ত বলে দাবি করেন সাবিনা।

Be the first to comment