রাস উৎসব ঘিরে সেজে উঠেছে শান্তিপুর ও নবদ্বীপ, ডিজিটাল গাইড ও কফি টেবিল বুকে বিশেষ চমক প্রশাসনের

Spread the love

নদীয়া: দুর্গা পুজো, কালী পুজো, বামাকালী উৎসব ও জগদ্ধাত্রী পুজোর রেশ কাটতে না কাটতেই এবার রাস উৎসবের আনন্দে মেতে উঠতে চলেছে নদীয়া। আগামী ২২ তারিখ থেকে শুরু হয়ে ২৪ ও ২৫ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। নদীয়ার জেলা শাসক ডক্টর শ্রীকান্ত পাল্লি (আইএএস) জানিয়েছেন, জেলার প্রধানত দুটি ঐতিহাসিক জনপদ—শান্তিপুর এবং নবদ্বীপে—বড় পরিসরে এই উৎসব পালিত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও বহু দর্শনার্থী এই উৎসবে যোগ দিতে আসেন এবং বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শান্তিপুরের রাস উৎসবে আগত দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং প্রয়োজনীয় তথ্য সহজে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে শান্তিপুর মিউনিসিপ্যালিটি ও রানাঘাট মহকুমা প্রশাসন। জেলা শাসক ডক্টর শ্রীকান্ত পাল্লির তথ্য অনুযায়ী, তৈরি করা হয়েছে একটি নতুন ডিজিটাল ই-ডিরেক্টরি ও ওয়েবপেজ, যা ইতিমধ্যেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, উৎসবের আমেজ সবার মধ্যে ছড়িয়ে দিতে ও রাসকে আরও জনপ্রিয় করে তুলতে তৈরি হয়েছে একটি বিশেষ থিম সং।

অন্যদিকে, নবদ্বীপের রাস উৎসবে বাড়তি মাত্রা যোগ করছে মুখ্যমন্ত্রীর সফর। জেলা শাসক জানান, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কৃষ্ণনগরে সফরের পর আগামী ২২ তারিখ রবিবার সকালে নবদ্বীপে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফে একটি সফরসূচি তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের পর তিনি পরবর্তী কর্মসূচিতে যাবেন। এছাড়া নবদ্বীপের রাসকে কেন্দ্র করে মহকুমা শাসকের (এসডিও) উদ্যোগে একটি বিশেষ কফি টেবিল বুক তৈরি করা হচ্ছে, যা খুব শীঘ্রই প্রকাশ্যে আনা হবে।
টানা এই উৎসবের মরসুমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের মৌলিক পরিষেবা ও সময়সূচি নিশ্চিত করতে দিনরাত এক করে কাজ করছে জেলা প্রশাসন। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পুলিশ কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট এসডিও, বিডিও, বিশেষ উদ্যোগ নেওয়া রানাঘাটের এসডিও এবং শান্তিপুর মিউনিসিপ্যালিটির কর্মপ্রচেষ্টাকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন জেলা শাসক ডক্টর শ্রীকান্ত পাল্লি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*