রোজদিন ডেস্ক: গার্ডেনরিচে নির্মীয়মান বাড়ি ভেঙে ১৫ জনের মৃত্যুর ঘটনায় প্রোমোটার মহম্মদ ওয়াসিমের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার অভিযোগ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালের মার্চ মাসে গার্ডেনরিচে বহুতল ভেঙে ১৫ জনের মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। এই ঘটনায় আলিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৩০২, ৩০৭ ও ৪২৭ ধারায় ওয়াসিমের বিরুদ্ধে চার্জ গঠন করেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে ওয়াসিম। শুক্রবার বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস তাঁর আবেদন খারিজ করে দেন। আবেদনকারীর দাবি ছিল, তাঁর বিরুদ্ধে খুন বা খুনের চেষ্টার জন্য প্রয়োজনীয় অভিপ্রায় বা জ্ঞান ছিল বলে প্রমাণ নেই। তিনি শুধু নির্মাণের অর্থ জুগিয়েছিলেন। দিনের পর দিন কাজ দেখাশোনা করতেন আব্দুল রউফ নিজামি যিনি ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন। আদালত এই যুক্তি মানেনি। আদালতের পর্যবেক্ষণ, শুরুতেই চার্জ বদলে দিলে বিচার চলাকালীন অভিযোগের গুরুত্ব প্রমাণ করার ক্ষেত্রে প্রসিকিউশনের সুযোগ অনেকটাই কমে যাবে। আদালত আরও বলে, প্রয়োজনীয় কারিগরি যোগ্যতা না থাকা সত্ত্বেও অভিযুক্ত নিজে সক্রিয় ভাবে নির্মাণকাজে যুক্ত ছিলেন। যে বাড়ি ভেঙে পড়ে, তাতেই ১৫ জনের মৃত্যু হয় এবং অনেকে আহত হন। এছাড়া, অভিযুক্তের বিরুদ্ধে খুন-সহ আগের অপরাধের রেকর্ডও রয়েছে বলে জানিয়েছে আদালত।

Be the first to comment