রোজদিন ডেস্ক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম-এর সার্ধ শতবর্ষ উপলক্ষে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সোমবার নবান্নে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য জানান, উদযাপন কর্মসূচি বাস্তবায়নের জন্য অধ্যাপিকা লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এদিনের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। তা হল ঝাড়গ্রামের সুখনিবাসা ও খাগড়াসোল মৌজায় রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের হাতে থাকা ১৪৯.৬৪ একর জমি নির্ধারিত নিয়ম মেনে ফ্রি হোল্ড ভিত্তিতে মেসার্স ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর কর্মসূচি শুরু হচ্ছে। সেই কারণে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে নিজেদের এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। ফলে এদিনের বৈঠকে অনেকেই অনুপস্থিত ছিলেন।

Be the first to comment