জামা-প্যান্ট খুলিয়ে উল্টো করে ঝুলিয়ে বালককে বেধড়ক মার, ভাইরাল ভিডিয়ো, পলাতক অভিযুক্ত

Spread the love

রোজদিন ডেস্ক: জামা-প্যান্ট খুলিয়ে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে এগারো বছরের বালককে বেধড়ক মার। একজন মারল, আর তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দাঁড়িয়ে দেখল, কেউ ভিডিয়ো তুলল। কিন্তু কেউ বাধা দিল না। মধ্যযুগীয় এই বর্বরতার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বালকের পরিবারের তরফে লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। এখনও পলাতক অভিযুক্ত ও তার পরিবার। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার ধোষা-চন্দনেশ্বর পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামের ঘটনা। নির্যাতিত বালকের নাম জয় শিকারি। সে ক্লাস ফাইভের ছাত্র। ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, জয় নামের ওই বালককে নির্মমভাবে মারধর করছে এক ব্যক্তি। পায়ে দড়ি বেঁধে ঘরের আড়কাঠের সঙ্গে উল্টে ঝুলিয়ে নগ্ন করে মারধর করা হচ্ছে। ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে, কয়েকদিন আগের ঘটনা। ঘটনার পরই অভিযুক্ত তপন হালদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। কয়েকদিন আগে পাড়ায় কয়েকজনের সঙ্গে খেলা করছিল জয়। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল তপন হালদার। আচমকা অন্যান্য বালকদের মধ্যে ঠেলাঠেলি শুরু হলে জয়ের হাতে থাকা একটি লাঠি লাগে তপনের গায়ে। ঘটনায় ক্ষিপ্ত তপন তার চুলের মুঠি ধরে টানতে টানতে কিছু দূর নিয়ে গিয়ে প্রকাশ্যে তাকে কান ধরে উঠবোস করায়। জয়ের পরিবারের দাবি, এরপর বাড়িতে নিয়ে গিয়ে জয়ের পায়ে দড়ি বেঁধে আড়কাঠে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করে। খুলে ফেলা হয় তার প্যান্ট। অভিযুক্ত তপনের সঙ্গে ঘটনাস্থলে ছিল তার স্ত্রী এবং তাঁর পরিবারের সদস্য এবং প্রতিবেশীরাও। গোটা ঘটনা মোবাইলে রেকর্ড করা হয় এবং কাউকে জানালে আরও শাস্তি হবে বলেও হুমকি দেওয়া হয়। রাতে বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু বলেনি জয়। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সন্দেহ হয়। এরই মধ্যে পরিবারের এক সদস্য ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখতে পান। তারপরই গোটা ঘটনা সামনে আসে। জয়কে
চিকিৎসার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথার সিটি স্ক্যান এবং বুকের এক্স-রে হয়েছে। এখনও সম্পূর্ণ ভাবে সুস্থ নয় সে। পারেনি সে। ঘটনার জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু মূল অভিযুক্ত তপন হালদার ও তার পরিবার পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*