প্রতিবেদন: রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রত্যাশিতভাবেই এগিয়ে রয়েছে বিজেপি। শুক্রবার সকালে প্রথমে পোস্টাল ব্যালট দিয়ে শুরু হয় গণনা। প্রথম থেকেই জয়ের ধারা অব্যাহত রেখেছেন বিজেপি প্রাথীরা। রেজিনগরে শাখারভ সরকার ও নন্দীগ্রামে হাসিরানি রথ দু’জনেই বাকিদের পিছনে ফেলেছেন। তবে তৃণমূলের দুই শিবিরই অনেক পিছিয়ে। এখনও পর্যন্ত চমক বলতে কংগ্রেস। তারা দুটি আসনে দু’নম্বরে রয়েছে। ১৫ রাউন্ড গণনা হবে। তাই ফলাফলে আরও অনেক চমক থাকতে পারে।
এর আগে শুক্রবার সকালে কড়া নিরাপত্তায় শুরু হয় ভোট গণনা। দুই কেন্দ্রেই গণনা হবে ১৫ দফায়। প্রতিটি গণনাকেন্দ্রে থাকবে দু’টি করে ইভিএম গণনা হল। পাশাপাশি ডাকযোগে প্রাপ্ত ব্যালট এবং ইলেকট্রনিক ডাক ব্যালটের গণনার জন্য থাকবে পৃথক হল এবং একজন করে গণনা পর্যবেক্ষক। রেজিনগরের ভোট গণনা হচ্ছে বহরমপুর গার্লস কলেজে। নন্দীগ্রামের গণনাকেন্দ্র করা হয়েছে কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও সংলগ্ন ভবনে।
নিরাপত্তার জন্য তিন স্তরের বলয় গড়ে তোলা হয়েছে। গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকা ‘পথচারী অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই এলাকায় কোনও যানবাহন চলাচল করতে পারবে না। গণনাকেন্দ্রের মূল ফটকে মোতায়েন থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ, আর গণনাকক্ষের প্রবেশদ্বারে দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। কমিশনের অনুমোদিত পরিচয়পত্র ছাড়া কাউকে গণনাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ বার কর্মকর্তাদের পরিচয় যাচাইয়ের জন্য কিউআর কোড-সম্বলিত ‘ইসিনেট’ পরিচয়পত্র ব্যবহার করা হচ্ছে।

Be the first to comment