রোজদিন ডেস্ক , কলকাতা:- তিন বছর ধরে বন্ধ থাকা ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ অর্থাৎ ১০০ দিনের কাজ রাজ্যে চালু করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ১ অগস্ট থেকে এই প্রকল্প চালু করতে হবে, বুধবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। অর্থাৎ এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকে।
১০০ দিনের কাজ নিয়ে আগে অনিয়মের অভিযোগ উঠেছিল। এই প্রকল্প চালু হওয়ার পরে সেই অনিয়ম যাতে না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে, স্পষ্ট বার্তা আদালতের। ৩ বছর ধরে দুর্নীতির অভিযোগে এই প্রকল্প বন্ধ ছিল। এ বার তা চালু হতে চলেছে আদালতের নির্দেশে।
১০০ দিনের প্রকল্পের পরিষেবা যাতে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছয়, সেই দিকে বিশেষ ভাবে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি নিজের টুইটে লেখেন, ‘কলকাতা হাইকোর্টের আজকের এই সিদ্ধান্ত কার্যত বিজেপির রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে আঘাত হানল। ২০২১ সালে বিজেপি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে প্রতিশোধ নিতে এই ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছিল। কলকাতা হাইকোর্টের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

Be the first to comment