রোজদিন ডেস্ক, কলকাতা:- আরজিকর ঘটনায় আবার নড়েচড়ে বসল সিবিআই। পুলিশের ১১ জন আধিকারিককে তলব করল সিবিআই। ঘটনার দিন টালা থানা ও আর জি কর হাসপাতালের ফাঁড়ির এই ১১ জনই ডিউটিতে ছিলেন বলে খবর। অতিরিক্ত চার্জশিট পেশের আগে এই তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছিল গোটা দেশ জুড়ে। সেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে। আরজি কর কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তবে তদন্ত যে থেমে গিয়েছে এমনটা নয়। নানা দিক থেকে সবদিক খতিয়ে দেখছে সিবিআই। প্রাথমিকভাবে সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।
অতিরিক্ত চার্জশিটের আগেই তাদের তলব করা হল। আসলে ৯ অগস্ট কী হয়েছিল, কাদের সঙ্গে কথা হয়েছিল পুলিশের, পুলিশের কাছে কী খবর এসেছিল, কখন তারা খবর পেয়েছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কিছু বলেছিলেন কি না এসবই জানতে চাওয়া হতে পারে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, ঘটনার দিন অর্থাৎ ৯ আগস্ট এই ১১ পুলিশ কর্মীর সঙ্গে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল একাধিকবার ফোনে ও সামনাসামনি কথা বলেছিলেন। তিনি ও সন্দীপ ঘোষ তাঁদের বিভিন্ন নির্দেশও দেন। এই নির্দেশগুলি অতিরিক্ত চার্জশিটের জন্য গুরুত্বপূর্ণ। তাই চার্জশিট পেশের আগে তাঁদের বয়ানকে গুরুত্ব দিচ্ছে সিবিআই। মূলত সোমবার ও মঙ্গলবার ওই পুলিশকর্মী ও আধিকারিকদের সিবিআই জেরা করবে। এরপর সিবিআইয়ের পক্ষে এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে শিয়ালদহ আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করা হতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ওই চার্জশিটে দুই অভিযুক্ত সন্দীপ ও অভিজিৎ ছাড়াও অন্য কারও নাম রাখা যেতে পারে কি না, সেই ব্যাপারেও আলোচনা চলছে বলে সূত্রের খবর।

Be the first to comment