বাংলাদেশে অস্থিরতা, সিসি ক্যামেরায় মোড়া হল বসিরহাট সীমান্ত, চালু হল কন্ট্রোলরুম

Spread the love

রোজদিন ডেস্ক : প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ জুড়ে চলছে চূড়ান্ত অস্থিরতা। এই পরিস্থিতিতে চিন্তিত নয়াদিল্লি। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। এ রাজ্যের বসিরহাট মহকুমা জুড়ে রয়েছে দীর্ঘ সীমান্ত। সেই সীমান্তের ১১ টি থানাকে চিহ্নিত করে এবার বিশেষ নজরদারি শুরু করল বসিরহাট জেলা পুলিশ। প্রায় সাড়ে পাঁচশো সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হল গোটা এলাকা। চালু হল পুলিশের কন্ট্রোলরুম। সেখান থেকে মনিটরে চলবে নজরদারি। বসিরহাট মহাকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ, হেমনগর, সন্দেশখালি, হাসনাবাদের মত ১১টি থানাকে বিশেষভাবে চিহ্নিত করে পুলিশি নিরাপত্তা বাড়ানো হল। সিসি ক্যামেরাগুলোর মূল কন্ট্রোলরুম বসিরহাট পুলিশ জেলার বসিরহাট থানায় করা হয়েছে। মঙ্গলবার কন্ট্রোলরুমের উদ্বোধন করেন ডিআইজি বারাসত ভাস্কর মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার এসপি ডঃ হোসেন মেহেদী রহমান, এএসপি পার্থ ঘোষ, জেলা পুলিশ আধিকারিক দুর্বার বন্দ্যোপাধ্যায়, আইসি বসিরহাট রক্তিম চট্টোপাধ্যায়- অন্যরা। এসপি জানান, সীমান্ত লাগোয়া কয়েকটি থানা অত্যন্ত স্পর্শকাতর। সামনে দুর্গাপুজো। সবদিক মাথায় রেখে এই কন্ট্রোলরুম খোলা হল। এই রুম থেকে ১১টি থানার প্রায় ৩৫ লক্ষ মানুষের উপর নজরদারি চালানো যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*