রোজদিন ডেস্ক :
কেন্দ্রে বিজেপি সরকারের দু-বছর পূর্তির পর মন্ত্রিসভায় রদবদল নিয়ে গুঞ্জন উঠেছে। সম্প্রতি রাজ্যসভা নির্বাচনে দুই কেন্দ্রীয় মন্ত্রী মনোনয়ন না পাওয়ায় এই জল্পনা জোরদার হয়েছে। এই দুই কেন্দ্রীয় মন্ত্রী হলেন রবনীত সিং বিট্টু ও জর্জ কুরিয়ান৷ আগামী ২১ জুন তাঁদের রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে।
দেশের ১০ রাজ্যের ২৪টি রাজ্যসভার আসনে আগামী ১৮ জুন নির্বাচন হবে। ওই দিন মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশায় একটি করে আসনে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।
আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচন। পঞ্জাবের প্রাক্তন কংগ্রেস নেতা রবনীত সিং বিট্টু রাজস্থান থেকে বিজেপির রাজ্যসভার সদস্য হয়েছিলেন।
জর্জ কুরিয়েন আদতে কেরলমের নেতা হলেও তাঁকে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ করেছিল বিজেপি।
সংবিধান অনুযায়ী কেন্দ্রে মন্ত্রীদের সাংসদ হতে হয়। বিজেপির দুই মন্ত্রীর সাংসদ মেয়াদ ২১ জুন শেষ হলে তাঁরা আর মন্ত্রী থাকতে পারবে না। রাজনৈতিক মহলের ধারণা, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জন্য দলের এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, কেন্দ্রে ৭২ জন মন্ত্রীর মধ্যে মাত্র ৭ জন মহিলা, যা নিয়ে দলের অন্দরেও চর্চা শোনা যায়। মহিলা বিল নিয়ে আগ্রহী সরকার নতুন কোন মহিলা মন্ত্রী আনতে পারেন বলে রাজনৈতিক মহল মনে করেন।
আগামী বছর ফেব্রুয়ারি / মার্চের মধ্যে উত্তরপ্রদেশ, পঞ্জাব, মণিপুর, গোয়া ও উত্তরাখন্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷ ওই বছরের শেষে গুজরাট ও হিমাচল প্রদেশে ও বিধানসভা নির্বাচন। প্রতিটি নির্বাচনই বিজেপি-সহ রাজনৈতিক দলগুলির কাছে খুব ই গুরুত্বপূর্ণ।
সদ্য এনডিএ-কে সমর্থন যোগানো তৃণমূলের বিদ্রোহী সাংসদদের দুজন কেন্দ্রে মন্ত্রী হতে পারেন বলে খবর রটেছিল। যা অস্বীকার করেছেন তাঁরা।
তবে দুই মন্ত্রী রাজ্যসভার সাংসদ না থাকলে তাঁদের জায়গায় নতুন কেউ মন্ত্রী হতে পারেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment