রোজদিন ডেস্ক :
আজ সকাল থেকে সিপিএমের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রীটের খুব কাছে মঞ্চ বেঁধে চন্ডীপাঠ চলছে। হিন্দুত্ববাদী এক সংগঠনের ডাকে রীতিমত মঞ্চ বেঁধে, মাইক লাগিয়ে তা চলছে। সংখ্যালঘু অধ্যুষিত ওই অঞ্চলে এই অনুষ্ঠান নিয়ে চাপা উত্তেজনা, বিস্ময় দেখা দিলেও নির্বিকার এর আয়োজকরা। আর পিআই (এ) নামের এক সংগঠন আজ দিনভর ওখানে এই চন্ডীপাঠ করবে বলে জানা যায়৷ সিপিএমের সদর দফতর আলিমুদ্দিনের প্রবেশের মুখে এই অনুষ্ঠানে বিজেপি ঘনিষ্ঠ নেতাদের যোগ দেওয়ার কথা।
অন্যদিকে আজই আলিমুদ্দিনের পাশেই ভোটাধিকার রক্ষা সংক্রান্ত এক সম্মেলনে বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজের আসার কথা। ওখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য , প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা, রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক জহর সরকার প্রমুখের বক্তব্য রাখার কথা আছে।
কলামন্দিরে এই সম্মেলন করার কথা থাকলেও অনুমতি মেলেনি বলে আয়োজক রা জানান।
পরস্পর বিপরীতমুখী এই দুই অনুষ্ঠান নিয়ে ওই এলাকা রীতিমত সরগরম।
মুখ্যমন্ত্রী ও তাঁর দল পুজো নিয়ে সিপিএমের বিরুদ্ধে তোপ দাগলেও নিজের অবস্থানে অনড় ওই দল। আলিমুদ্দিনের সদর দফতরের সামনে বড় ব্যানারে লেখা আছে, সাম্প্রদায়িক, জাতিবিদ্বেষী, বর্ণবিদ্বেষীরা ছাড়া সবাই স্বাগত৷ শুভ শারদীয়া!

Be the first to comment