রোজদিন ডেস্ক : কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা গোটা দেশের বুকে বড়সড় ক্ষত। গত মঙ্গলবার সন্ত্রাসবাদীদের গুলি ঝাঁজরা করে দিয়েছে ২৮ জনের প্রাণ। তাঁদের বেশিরভাগই সাধারণ পর্যটক। এই তালিকায় রয়েছেন বাংলার তিনজন। এবার এই ভয়াবহ ঘটনায় স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়াল বাংলার সরকার।
শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, নিহত তিনজনের প্রতিটি পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে রাজ্যের তরফে। শুধু আর্থিক সাহায্য করেই পাশে থাকা নয়, পহেলগাঁওয়ে নিহত কলকাতার বিতান অধিকারীর মা-বাবার আর্থিক অবস্থা সঙ্গীন হওয়ায় এই পরিবারকে বাড়তি সাহায্যের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, বিতানের বাবার নামে একটি পেনশন ফান্ড করে দেবে সরকার। তাতে মাসে ১০ হাজার টাকা পাওয়া যাবে। এছাড়াও বিতানের মায়ের নামে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করে দেওয়া হবে। পাশাপাশি, বেহালা ও পুরুলিয়ায় নিহতদের পরিবারের কেউ চাকরি চাইলে, তার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার।
এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, নিহত জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। নিয়ম মেনে ঝণ্টুর স্ত্রীকেও চাকরি দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে ক্ষতিপূরণ। এমনকি নিহত জওয়ানের সন্তান যদি আগ্রা থেকে এসে রাজ্যে পড়াশোনা করতে চায় তাহলে পুরো বিষয়টি দেখবে রাজ্য সরকার।

Be the first to comment