রোজদিন ডেস্ক, কলকাতা:- কাশ্মীর হামলার পর থেকেই বদলার আগুনে ফুঁসছে গোটা দেশ। জঙ্গি হামলায় ২৬ জনের রক্তপাতে ভারতবাসীর সকলের আত্মার ওপর গভীর দাগ কেটেছে। বিশেষ করে সমগ্র জম্মু ও কাশ্মীর জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। সন্দেহভাজন জঙ্গিদের তালিকায় দুজন কাশ্মীরি থাকার কথাও জানা গিয়েছিল। তাদের খোঁজে মাথাপিছু মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে সরকার। এর মাঝেই জম্মু মেডিকেল কলেজ হাসপাতালের তরফে এল বড় বিবৃতি। ছুটি বাতিল করে সব কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।
মঙ্গলবারের ঘটনার পর থেকেই পরিবেশ থমথমে হয়ে রয়েছে কাশ্মীরে। সর্বত্র চলছে সেনা তল্লাশি। এর মাঝেই একটি বিবৃতি জারি করে সব কর্মীদের ছুটি বাতিল করল জম্মু মেডিকেল কলেজ হাসপাতাল। ‘প্রস্তুত’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। ২৪ ঘন্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। কর্মীদের বলা হয়েছে, কোনো রকম সতর্কবার্তা পেলে অবিলম্বে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাতে।
জম্মু কাশ্মীরে বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে হাসপাতালে। আর এই বিবৃতির পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বড়সড় কিছু ঘটতে চলেছে কাশ্মীরে?
উল্লেখ্য, হামলার পরেই জানা গিয়েছিল, জঙ্গিরা নাকি বৈসরণ ভ্যালিতে কয়েকবার রেইকি করেছিল। আর এই হামলার ঘটনায় জঙ্গিদের কোনো স্থানীয় কেউই যুক্ত থাকতে পারেন বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা।

Be the first to comment