রোজদিন ডেস্ক : ৯ ’বছরের দীর্ঘ ব্যবধানের পর, কোনও বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল ৫টা নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। ইতিমধ্যেই এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
তবে এই বৈঠক যে নিছক ‘সৌজন্য সাক্ষাৎ’ তা মানতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে, এই সাক্ষাৎপর্ব হচ্ছে এমন এক সময়, যখন কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক কাছাড়ি বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতি। সেই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি এ বিষয়ে চিঠিও পাঠান ১২ জুন।
এই আবহে হাইকমিশনারের সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ। নবান্ন সূত্রে খবর, হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনার ‘প্রকৃত তথ্য’ তুলে ধরবেন। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে যেকোনও ধরনের ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য মেটাতে আগ্রহী তারা। ফলে এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বার্তাও নিহিত রয়েছে।

Be the first to comment