CHORBAGAN STAMPEDE: দায় কার? চোরবাগান-কাণ্ডের তদন্তে প্রথম লক্ষ্য স্থির করলেন সিট-প্রধান

Spread the love

প্রতিবেদন: চোরবাগানের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট-এর কাজ শুরু হতে চলেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে ৬ সদস্যের এই কমিটি আগামী তিন মাসের মধ্যে সরকারকে রিপোর্ট জমা দেবে। দায়িত্ব পাওয়ার পর অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী জানিয়েছেন, আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দুর্ঘটনার দায় কার, তা নির্ধারন করা। তাঁর কথায়, এখনই কোনও সংস্থা বা ব্যক্তির উপর দায় চাপানো ঠিক হবে না। দমকল, কলকাতা পুলিশ বা অন্য কোনও সংস্থার ভূমিকা ছিল কি না, সব দিকই খতিয়ে দেখতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সেই বিষয়ে প্রয়োজনীয় সুপারিশও করবে সিট। তিনি আরও জানান, প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হলেই তদন্ত শুরু হবে। যত দ্রুত সম্ভব ঘটনাস্থল পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে। সিটের অন্য সদস্যদের নিয়ে চোরবাগানের পুজো মণ্ডপে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চান তিনি। সিট-প্রধানের মতে, তদন্তের স্বার্থে আপাতত মণ্ডপে কোনও পরিবর্তন বা খোলার কাজ না হওয়াই উচিত। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পরই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। দুর্ঘটনার কারণ, প্রশাসনিক ত্রুটি এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, সব দিক খতিয়ে দেখে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট জমা দেবে সিট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*