রোজদিন ডেস্ক: রাজ্যের গুন্ডা দমন বিল এখনও রাষ্ট্রপতির কাছে যায়নি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) শুক্রবার জানিয়েছেন। আজ রাতে নবান্নে তিনি এই দাবি করে বলেন, গুন্ডা দমন আইন নিয়ে মিথ্যা প্রচার হচ্ছে। ভূয়ো খবর ছড়ানো হচ্ছে। রাষ্ট্রপতির কাছে এই বিল এখনও যায়নি। তাই তা ফেরত আসারও কোন ব্যাপার নেই।
এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই বিলের দুটি অংশ। সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত অংশ আগেই কার্যকর হয়েছে। অপর অংশ এখনও স্বরাষ্ট্র মন্ত্রকে আছে। তা রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে কাজ চলছে।
মুখ্যমন্ত্রী জানান,কেন্দ্রের নার্কোটিক বিরোধী সংক্রান্ত আইনে ভারতীয় ন্যায় সংহিতায় (বিএনএসে) তিন বছরের জেল ও জামিনযোগ্য বলা হয়েছে। কিন্তু তাঁরা এটি জামিন অযোগ্য করতে চান৷ নিয়ম মেনে সবটাই হচ্ছে। তাই স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে কাজ চলছে। এই বিলে কোথাও গুন্ডা শব্দ নেই বলেও তিনি জানান।
উল্লেখ্য, রাজ্যের প্রস্তাবিত এই বিল নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি নানা প্রশ্ন তুলেছেন। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। রাষ্ট্রপতি এই বিল ফেরত পাঠানোর খবর শুক্রবার ছড়িয়ে পড়লে সাংসদ অভিষেক ব্যানার্জি, সুজন চক্রবর্তী-সহ বিরোধীরা তা নিয়ে নানা কটাক্ষ করেন।
মুখ্যমন্ত্রী দিনভর বর্ধমানে ছিলেন, সেখানে তিনি সাফ জানান, যারা গুন্ডা তাদের জেলে থাকতে হবে। গুন্ডারা তাই ভয় পাচ্ছে।
রাতে কলকাতা ফিরে তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করেন। আবারও বলেন, এই বিল নিয়ে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। যাঁরা নিজেদের গুন্ডা মনে করেন, তাঁরাই এই সব বলছেন, তাঁরা খুব ভাল করে জানেন, বিল আইন হলে ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না।
রাতে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী আরও বলেন, গল্পের গরু গাছে তুলবেন না। যান, ডিনার করে শুয়ে পড়ুন।

Be the first to comment