রোজদিন ডেস্ক : কলকাতা শহরের একাধিক বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভাকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশে ভেঙে দেওয়ার পর ফের সেখানে নির্মাণ করা হচ্ছে। এমন গুরুতর অভিযোগে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই সংক্রান্ত মামলায় কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডেকে সশরীরে তলব করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি রবীন্দ্র বি ঘুগে। এই মামলায় পুরসভার আইনজীবীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি তাঁকে তলব করার কারণ বুঝিয়ে বলেন। মহারাষ্ট্রে তাঁর কাজের অভিজ্ঞতার কথা টেনে প্রধান বিচারপতি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে কমিশনারের কাছে সব খবর পৌঁছয় না। তাঁকে খুব নির্দিষ্ট করে কিছু খবর দেওয়া হয়। ফলে শহরের কোথায় কি ঘটছে, তার অজানা থাকে। এখানে এত সিরিয়াস একটা ঘটনা, অথচ পুরসভার আইনজীবী পুরো বিষয়টায় একেবারে অজ্ঞ। সেটা জানানোর জন্য আপনাকে ডাকতে হল। হাইকোর্ট চায়, এমন বেআইনি নির্মাণ হাইকোর্টের নির্দেশে ভাঙার পর সেখানে আর যেন কোনও ভাবেই নির্মাণ না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে। আগামী ১৪ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।

Be the first to comment